নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় ১৫টি মাদক মামলার আসামি জাইল্লা জহিরকে গ্রেপ্তার করেছে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল।
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর বেগমগঞ্জে ১৫টি মাদক মামলার আসামি মো. জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৫) কে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
এর আগে, রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার ৩নম্বর ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকায় র্যাব-১১, সিপিসি-৩ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত জহির হোসেন ওরফে জাইল্লা জহির লক্ষীপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত আব্দুল আলীর ছেলে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন— জহির ফেনী থেকে যাত্রী সেজে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। পরে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল আমানতপুর তপাদার বাজার এলাকায় ওই বাসে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, “গ্রেপ্তারকৃত জহির একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।”
গ্রেপ্তার আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।