
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত ও চুরি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সবুজ ইসলাম (৩০)। তিনি বাঘা উপজেলার হরিরামপুর (দার পাড়া) গ্রামের মোঃ আজিবর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সেরাজুল হকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। অভিযানে অংশ নেন এসআই নূর মোহাম্মদ ও এসআই জামাল উদ্দিনসহ পুলিশের একটি দল।
থানা পুলিশ জানায়, সবুজ ইসলাম একটি চুরি মামলার পলাতক আসামি এবং তার বিরুদ্ধে আদালত কর্তৃক ৬ মাসের কারাদণ্ডাদেশ ছিল। দীর্ঘদিন ধরে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তার গ্রেফতারের সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মামলার বাদীপক্ষ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখ যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালত ও রাজশাহী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, "বাঘা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের দমনে আমরা আপসহীন। এই ধারা অব্যাহত রাখতে আমরা সাধারণ জনগণের সহযোগিতা কামনা করি। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।"