
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:
শেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন অফিস ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০টা থেকে তিনি পর্যায়ক্রমে জেলা পুলিশের সদর সার্কেল অফিস, শেরপুর শহর পুলিশ ফাঁড়ি, গৌরীপুর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ইউনিটগুলোর কম্পাউন্ড, পুলিশ সদস্যদের ব্যারাক, সেরেস্তা ও দাপ্তরিক নথিপত্র সরজমিনে যাচাই করেন। এছাড়াও জননিরাপত্তা নিশ্চিতে গৃহীত পদক্ষেপ এবং কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রমের তদারকি করেন তিনি।
এ সময় পুলিশ সুপার কামরুল ইসলাম উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা শোনেন। তিনি পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের সেবায় কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, টিআই (এডমিন) মো. মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
জেলা পুলিশ জানায়, পুলিশি সেবার মান বাড়ানো এবং অফিসারদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।