
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রত্যন্ত শেরপুর গ্রামে দরিদ্র শিশুদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ধর্মীয় ও প্রাক-প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে “মৌলভী বাড়ি মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়”। প্রতিকূল পরিবেশে অর্থাভাবে ঝরে পড়া শিশুদের জন্য শিক্ষার এই দ্বার উন্মোচন করে এলাকায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন ব্যাংকার, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম।
অনুসন্ধানে জানা যায়, ২০২১ সালে গ্রামের অসচ্ছল পরিবারের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সুফিয়া বেগম নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। দীর্ঘদিনের কর্মজীবন শেষে নিজ গ্রামের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তিনি। এখানে শিশুদের পবিত্র কোরআন শিক্ষা, নামাজের নিয়মাবলীসহ মৌলিক দ্বীনি শিক্ষা এবং প্রাথমিক স্তরের পাঠদান সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।
স্থানীয় অভিভাবকদের মতে, এই প্রতিষ্ঠানটি তাদের জন্য এক আশার আলো। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান,
“দারিদ্র্যের কারণে যেখানে সন্তানদের ধর্মীয় বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া আমাদের জন্য কঠিন ছিল, সুফিয়া আপার এই উদ্যোগ সেটি সহজ করে দিয়েছে। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।”
তারা আরও জানান, শুধু শিশুদের শিক্ষাই নয়, এই প্রতিষ্ঠানের মাধ্যমে অভিভাবকদের মাঝেও শিক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়ছে।
প্রতিষ্ঠাতা সুফিয়া বেগম তাঁর এই মানবিক মিশন সম্পর্কে বলেন,
“আমি নিজে এই গ্রামের মেয়ে। গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার তাড়না থেকেই এই প্রতিষ্ঠানের যাত্রা। এখানে শিশুদের পাশাপাশি গ্রামের বয়স্ক নারীদেরও সম্পূর্ণ বিনামূল্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। আমার স্বপ্ন—গ্রামের প্রতিটি মানুষ যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়।”
এলাকার সচেতন মহলের মতে, সুফিয়া বেগমের এই নিঃস্বার্থ সমাজসেবা গ্রামীণ সমাজে শিক্ষার প্রসারে এক বিশাল ভূমিকা রাখছে। একজন নারী হিসেবে এবং প্রবীণ বয়সে তাঁর এই মানবিক প্রচেষ্টা বর্তমান প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা।