
আন্তর্জাতিক ডেস্ক| ১২ মার্চ, ২০২৬
ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনায় দেশটির সবকটি তেল বন্দরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্থানীয় সময় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে দেশের বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম যথারীতি সচল রাখা হয়েছে।
ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আল-ইরাকিয়া নিউজ’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইরাকের বসরা প্রদেশের আল-ফাও বন্দরের অদূরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে এই হামলা চালানো হয়। ইরাকি বন্দর কর্মকর্তাদের মতে, বিস্ফোরকবোঝাই বোটের (সুইসাইড বোট) সাহায্যে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার পর ট্যাংকার দুটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়।
ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এই হামলায় একজন নাবিক নিহত হয়েছেন। এখন পর্যন্ত ৩৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে সাগরে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে ইরাকের নৌবাহিনী ও কোস্টগার্ড।
ফারহান আল-ফারতুসি জানান, একটি ট্যাংকারে যখন জ্বালানি তেল ভরা হচ্ছিল, ঠিক তখনই সেটি হামলার শিকার হয়। আক্রান্ত জাহাজগুলোর মধ্যে একটি মাল্টার পতাকাবাহী ছিল। বিস্ফোরণটি সরাসরি হামলা নাকি দূরনিয়ন্ত্রিত কোনো মাধ্যমে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে দেশটির গোয়েন্দা সংস্থা।
আক্রান্ত হওয়ার সময় ট্যাংকারগুলো ইরাকি উপকূল থেকে প্রায় ৪৮ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থান করছিল। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।