আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল আউয়াল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃত রবিউল আউয়াল ওই গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে বাঘা থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক-এর নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই নাহিদসহ পুলিশের একটি চৌকস দল এ অভিযানে অংশ নেয়। ইয়াবা বিক্রির সময় রবিউলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাঘা থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।
"অপরাধ যত গোপনেই করা হোক না কেন, তা একসময় প্রকাশ পায়। মাদকের বিরুদ্ধে আমাদের এই আপসহীন অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
— বাঘা থানা পুলিশ