
আলমগীর হোসেন সাগর, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে বড় ধরনের এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দিবাগত রাত ১০টার দিকে মহানগরীর হিমারদীঘী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার আওলাকান্দা গ্রামের হাবি মিয়ার মেয়ে মিতু আক্তার (২৪) এবং একই জেলার পঞ্চবটি গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শারমিন (১৯)। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ওই দুই নারীর হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।