
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো | ১৮ এপ্রিল, ২০২৬
রাজশাহী জেলার দুর্গাপুর এলাকা থেকে মাদক মামলার ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল ১৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস দল রাজশাহীর দুর্গাপুর থানার বজো খলসী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ময়েজ সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজার রায় ঘোষণার পর থেকেই আসামি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।