
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী প্রাকৃতিক শালবন রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় সচেতন মহল। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় ‘সচেতন নাগরিক কমিটি’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বন বিভাগ ও সরকার বন রক্ষার নামে যে ধরণের কর্মসূচি গ্রহণ করছে, তা প্রকৃতপক্ষে বন রক্ষায় কোনো সুফল বয়ে আনছে না। উল্টো বনায়নের নামে সরকারের কোটি কোটি টাকা অপচয় ও লুটপাট হচ্ছে। বক্তারা আরও বলেন, "সামাজিক বনায়নের নামে প্রকৃত বন হতে পারে না। বন কখনো 'সামাজিক' হয় না; বরং এটি বন ধ্বংসের একটি গভীর ষড়যন্ত্র।"
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই বন ধ্বংসের প্রক্রিয়া বন্ধ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে ‘বনভক্ষকদের’ মুখোশ উন্মোচন করা হবে।
মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক সাংবাদিক জোবায়েদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশকর্মী ও লেখক রাতুল মুন্সি, শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক বকুল হোসেন, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দস আলী, সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক প্রমুখ।
রাতুল মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।