
হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. ছানা উল্যাহ ও তার ছেলে রাসেল। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর ফলকন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গনি মাঝির বাড়ির জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে রূপ নেয়।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মৃত চৌধুরী মুন্সির ছেলে আবদুল কাদেরের নেতৃত্বে তার দুই ছেলে হোসেন ও হাসান এবং পরিবারের সদস্য মিম ও পেন্সিসহ একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ছানা উল্যাহ ও তার ছেলে রাসেলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের একটি বেসরকারি (প্রাইভেট) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এলাকার সচেতন মহল দ্রুত এই হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তারা।