
পি. কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) | নিউজগ্রাম বাংলা
দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, "বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অত্যন্ত আন্তরিক। প্রাথমিক শিক্ষাকে বাস্তবমুখী ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সকলকে আরও যত্নশীল হয়ে মনোনিবেশ করতে হবে। কারণ, প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার মূল ভিত্তি এবং শিক্ষকগণ হলেন জাতি গড়ার প্রকৃত কারিগর।" তিনি আরও বলেন, প্রতিটি শিশুকে প্রাথমিক স্তর থেকেই আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চতুর্থ শ্রেণি হতে বাধ্যতামূলক ৭টি খেলার প্রশিক্ষণ দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ. এম. শাহজাহান সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন এবং চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিব।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক রুহুল আমিন এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক আমান মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা এবং গণিত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। শিক্ষকরা যাতে আধুনিক শিক্ষণ পদ্ধতি গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের প্রতি আরও মমতাময়ী হয়ে পাঠদান পরিচালনা করেন, সেই আহ্বান জানানো হয়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়।