
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
নাটোরের লালপুরে পুলিশি অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং এবং ডিজিটাল প্রতারণা চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি দামী অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে শনিবার (১০ মে) আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার এসআই মোঃ মুনসুপ আলী এবং এএসআই মোঃ আনছার আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার রাতে বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৯ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে দুড়দুড়িয়া ইউনিয়নের রাজন হোসেনের বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে হাতেনাতে হ্যাকিং ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত তিন যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ১. মোঃ রাজন আলী (৩১), পিতা: মোঃ দোয়াবর, সাং- দুড়দুড়িয়া, থানা- লালপুর, জেলা- নাটোর। ২. মোঃ আহাদ আলী (১৯), পিতা: মৃত মজিবর রহমান, সাং- চকে-নায়ের, থানা- বাঘা, জেলা- রাজশাহী। ৩. মোঃ তুষার আলী (২০), পিতা: মোঃ তুহিন আলী, সাং- চকে-নায়ের, থানা- বাঘা, জেলা- রাজশাহী।
পুলিশি জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধের অভিনব কৌশল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তারা মূলত প্রবাসী ও সাধারণ মানুষের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ (এক্সেস) করত। কৌশলে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিত তারা। পরবর্তীতে ওই আইডি থেকে নিকট আত্মীয়দের কাছে জরুরি বিপদের কথা বলে বা বিভিন্ন প্রতারণার ফাঁদ পেতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত।
এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৫, তারিখ: ০৯/০৫/২০২৬ ইং)। আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(২)(খ)/২২(২)/২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, হ্যাকিং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।