
আবুল হাশেম রাজশাহী ব্যুরো।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী জেলা ও উপজেলা কৃষকদল। আজ রোববার (১০ মে) সকালে তিনি রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে পৌঁছালে কয়েকশ নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
সকাল ৮টায় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বহনকারী বিমানটি শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করে। তার আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই রাজশাহী জেলা, মহানগর এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিমানবন্দর এলাকায় জড়ো হতে থাকেন। তিনি টার্মিনাল থেকে বের হওয়া মাত্রই নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
বিশেষ করে গোদাগাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি হযরত চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল ও গাড়িবহর সংবর্ধনা স্থলে যোগ দিলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে স্লোগান দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। এছাড়া রাজশাহী জেলা কৃষকদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, গোদাগাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি হযরত চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশরাফ মল্লিকসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শতাধিক শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন,
"বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) হবে এ অঞ্চলের কৃষকদের প্রকৃত আশ্রয়স্থল। বিএমডিএকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও কৃষকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে কোনো প্রকার অনিয়ম বা আপস বরদাশত করা হবে না।"
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিকে আধুনিকায়ন করা এবং তিনি সেই লক্ষ্য বাস্তবায়নে বিএমডিএর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবেন।
জেলা কৃষকদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত তার বক্তব্যে বলেন, "দীর্ঘদিন পর একজন দক্ষ কৃষিবিদকে বিএমডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা এ অঞ্চলের কৃষকদের জন্য আশীর্বাদ। বরেন্দ্র অঞ্চলের প্রধান সমস্যা হলো সেচ সংকট এবং ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়া। আমরা বিশ্বাস করি, হাসান জাফির তুহিনের নেতৃত্বে এই সমস্যাগুলো সমাধানে কার্যকর ও বৈজ্ঞানিক পদক্ষেপ নেওয়া হবে।"
উল্লেখ্য, গত সপ্তাহে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কৃষকদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার এই নিয়োগের পর থেকেই বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি বিশাল বহর তাকে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।