
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ১৪৫ শেরপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল, ১৪৪ শেরপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী, ১৪৩ শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিজ্ সানসিলা জেবরিন।
এছাড়াও সভায় জেলা পরিষদের প্রশাসক জনাব এ.বি.এম মামুনুর রশিদ, সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, উপপরিচালক স্থানীয় সরকার মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে জেলা বিএনপির প্রতিনিধি জনাব মোঃ আব্দুল আউয়াল এবং জামায়াতে ইসলামি বাংলাদেশ-এর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান সভায় নিজ নিজ সংগঠনের পক্ষে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কয়েকটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়:
১. মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনা: মাদক নিয়ন্ত্রণে 'জিরো টলারেন্স' নীতি বজায় রাখা এবং জেলা শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ২. স্বাস্থ্যসেবা ও মহামারি প্রতিরোধ: শেরপুর সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের তদারকি বাড়াতে বলা হয়েছে। এছাড়া বর্তমানে হাম ও ডেঙ্গুর প্রকোপ রোধে মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩. ঈদুল আজহার প্রস্তুতি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরণের জনভোগান্তি নিরসনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, "শেরপুরকে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্ষম হব।"
সভায় প্রেস ক্লাব সভাপতি কাকন রেজাসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত থেকে নিজ নিজ এলাকার সমস্যা ও সমাধানের প্রস্তাবনা পেশ করেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাগিদ দেওয়া হয়।
সূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।