
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পশুর হাটে কোরবানির গরু কিনতে এসে এক ক্রেতার পকেট থেকে এক লাখ টাকা খোয়া যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর পশুরহাটে এই ঘটনাটি ঘটে। টাকা হারিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী ক্রেতা নুরুজ্জামান। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী নুরুজ্জামান জানান, পাঁচজন মিলে একটি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অংশীদারদের সাথে নিয়ে তিনি আবাদপুকুর পশুরহাটে আসেন। বেলা ১১টার দিকে হাটে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তার প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায়। পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানান। তবে তাৎক্ষণিক চেষ্টা করেও কাউকে শনাক্ত করা বা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। নুরুজ্জামান আক্ষেপ করে বলেন, "কোরবানির পশুর জন্য রাখা সব টাকা চুরি হয়ে যাওয়ায় আমরা এখন চরম বিপাকে পড়েছি।"
আবাদপুকুর হাটের ইজারাদারের অন্যতম অংশীদার হাজের আলী জানান, টাকা চুরির বিষয়টি ওই ক্রেতা তাদের জানিয়েছেন। তবে টাকা উদ্ধারের কোনো সুরাহা করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, "টাকা নিজ নিজ হেফাজতে সাবধানে রাখতে এবং জাল টাকা লেনদেনের বিষয়ে সচেতন করতে হাটে সার্বক্ষণিক মাইকিং করা হচ্ছে। এরপরও অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটলে আমাদের কিছু করার থাকে না।"
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, আবাদপুকুর পশুরহাটে টাকা চুরির বিষয়টি তিনি শুনেছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।