
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বকশীগঞ্জে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াছমিন এবং জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুইটি গ্রামের মোট ১ হাজার ২৯৫টি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারকরণ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলো অত্যন্ত সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরকারিভাবে সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, "বর্তমান সরকার দেশের সাধারণ ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে এবং দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো দরিদ্র ও অসহায় মানুষ যেন খাদ্যকষ্টে না ভোগে, তা নিশ্চিত করতেই এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক উপকারভোগী সাধারণ মানুষ।
আলোচনা সভা ও উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত অতিথিবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্থানীয় সুবিধাভোগী ও অসহায় মানুষের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেন। এই কার্ড পেয়ে স্থানীয় দরিদ্র পরিবারগুলোর মাঝে দীর্ঘদিনের অর্থনৈতিক ও খাদ্য সংকটের দুশ্চিন্তা কেটে যাওয়ার স্বস্তি লক্ষ্য করা গেছে।