
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পৃথক দুটি অভিযানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
রবিবার (১৭ মে) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকাগুলোতে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাকারবারিরা পালিয়ে গেলেও বিজিবির তৎপরতায় ৩৯৩ বোতল অবৈধ বিদেশি মদ জব্দ করা সম্ভব হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোরভাবে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় মাদকের বিস্তার ও চোরাচালান পুরোপুরি রোধ করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিজিবির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।