
মনিরুজ্জামান লিমন,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে চলতি মওসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বকশীগঞ্জ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়। সরকারি নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল ক্রয়ের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আফিয়া সুলতানা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু। মিল মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ অটো রাইস মিলের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদসহ স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তা, চালকল মালিক ও স্থানীয় কৃষক প্রতিনিধিরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মওসুমে বকশীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে মোট ১ হাজার ২৯৭ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চুক্তিবদ্ধ স্থানীয় মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে মোট ৮২৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
খাদ্য বিভাগ জানায়, প্রতিবারের ন্যায় এবারও ধান সংগ্রহ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। প্রকৃত কৃষকরা যেন কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়েন, সেজন্য 'কৃষক অ্যাপস' (Krishoker App) এর মাধ্যমে আবেদনের সুযোগ রাখা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত কৃষকরা কোনো রকম হয়রানি ছাড়াই সরাসরি সরকারি খাদ্য গুদামে তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বা প্রকৃত কৃষকদের বঞ্চিত করার চেষ্টা বরদাশত করা হবে না। লক্ষ্যমাত্রা অনুযায়ী মানসম্মত ধান ও চাল সংগ্রহ করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান উপস্থিত অতিথিরা।