
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সাংবাদিক সাহাজুল ইসলামের ‘মেসার্স সাহাজুল ট্রেডার্স’ নামে একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি করে নিয়ে গেছে।
রোববার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকার ওমর সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৮ মে) দুপুরে দোকানের মালিক সাংবাদিক সাহাজুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাংবাদিক সাহাজুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে রোববার রাত আনুমানিক ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সোমবার সকালে যথারীতি দোকান খুলতে এসে তিনি স্তব্ধ হয়ে যান। দোকানের সাটার খুলে ভেতরে প্রবেশ করতেই দেখতে পান সমস্ত মালপত্র এলোমেলো হয়ে মেঝেতে পড়ে আছে।
তিনি আরও জানান, ভালো করে লক্ষ্য করে দেখেন দোকানের চালের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছিল। চোর চক্র দোকানে থাকা দামী ব্র্যান্ডের বেনসন, গোল্ডলিফ, স্টার সিগারেটসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার সিগারেট বস্তাভর্তি করে নিয়ে চম্পট দিয়েছে।
দোকানে চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতা বাজারে ভিড় জমান। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ভুক্তভোগী সাংবাদিক সাহাজুল ইসলাম দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ এই চক্রের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দোকানের সিগারেট চুরির ঘটনায় মালিক সাহাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনাটির সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেফতার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।"