
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে এবং বিগত সরকারের নগ্ন হস্তক্ষেপ ও লুটপাটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইলের মধুপুর। ব্যাংকের সাধারণ গ্রাহক, শেয়ারহোল্ডার এবং সচেতন নাগরিকদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর শাখা ইসলামী ব্যাংকের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সচেতন মহল ও গ্রাহক প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, বিগত বছরগুলোতে এস আলম গ্রুপ ও তাদের দোসররা সম্পূর্ণ গায়ের জোরে, সব ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে ইসলামী ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপ চালিয়েছে। তারা ব্যাংকটিকে নিজেদের পকেটে পুরে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। যার ফলে সাধারণ মানুষের আস্থার এই শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানটি আজ চরম সংকটের মুখে পড়েছে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মধুপুরের শালিখা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুস কুদ্দুস, গোসাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান এবং গোপালপুরের লাইট হাউজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।
বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকটির অভ্যন্তরীণ সুশাসন ধ্বংস করতে এবং নিজেদের লুটপাট আড়াল করতেই বিগত দিনে সৎ ও যোগ্য কর্মকর্তাদের অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। এই নগ্ন হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাতের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে অবিলম্বে ব্যাংকের নিয়ন্ত্রণ সাধারণ গ্রাহক ও সৎ উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়।
একই সাথে ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন ফিরিয়ে আনতে বিগত দিনে অন্যায়ভাবে বঞ্চিত ও সরিয়ে দেওয়া সৎ, দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা ওমর ফারুক খানকে অবিলম্বে স্বপদে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা স্পষ্ট করেন যে, ব্যাংকের অভ্যন্তরীণ নীতি ও কর্মকর্তা নিয়োগ-পদোন্নতিতে সব ধরনের নগ্ন হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ গ্রাহকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইসলামী ব্যাংক এ দেশের কোটি মানুষের আমানত ও আবেগের জায়গা। কোনো লুটেরা বা সুবিধাবাদী গোষ্ঠীকে এই ব্যাংক ধ্বংস করতে দেওয়া হবে না।"
তারা আরও বলেন, সাধারণ মানুষের কষ্টের আমানত রক্ষা এবং ইসলামী ব্যাংকের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও বর্তমান সরকারকে এখনই কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। যদি অবিলম্বে ব্যাংকের ওপর থেকে সব ধরনের কালো হাত সরিয়ে নেওয়া না হয় এবং সুশাসন নিশ্চিত করা না হয়, তাহলে আগামীতে সাধারণ গ্রাহকদের সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দেন তারা।
মানববন্ধনে মধুপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী এবং ইসলামী ব্যাংকের শত শত সাধারণ গ্রাহক ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।