
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ বালক ও বালিকা উভয় গ্রুপে বরিশাল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ফুটবলারদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এই আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, "প্রাথমিক পর্যায়ে খেলাধুলার বিকাশ শিশুদের মেধা ও মনন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের অনন্য শিক্ষা লাভ করে। কোমলমতি এই খুদে ফুটবলাররা বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আজ পুরো বাকেরগঞ্জবাসী গর্বিত ও আনন্দিত।" তিনি আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য খেলোয়াড় ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন
উপজেলা ইঞ্জিনিয়ার মো. হাসনাইন আহমেদ
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী
পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার
উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া
উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ শিকদার
পৌর বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান আলিম জোমাদ্দার
উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু
পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান প্রমুখ।
উক্ত সংবর্ধনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ অংশে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া দুই স্কুলের কৃতি ফুটবলারদের মাঝে ফুলেল শুভেচ্ছা, মেডেল ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি এমপি আবুল হোসেন খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।