
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ‘রিপন ইলেক্ট্রনিক্স’ নামক একটি ফ্লেক্সিলোড ও মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানটির দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইলসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে এক দুর্বৃত্ত।
শনিবার (২৩ মে) দিবাগত রাতে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডের রায়পাড়া মোড়ে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক রিপন কুমার ঘোষ মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর এলাকার রিপন কুমার ঘোষ দীর্ঘ ২৪ বছর ধরে রায়পাড়া মোড়ে এই ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন রবিবার সকাল ১০টার দিকে দোকানে এসে দেখতে পান দোকানের উত্তর পাশের দেয়াল ভাঙা, ভেতরের ক্যাশ বাক্স খোলা এবং র্যাকে সাজানো মোবাইলগুলো গায়েব।
পরে দোকানের সিসিটিভি (CCTV) ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রবিবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এক ব্যক্তি দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশ বাক্সে থাকা নগদ ৩ লাখ টাকা এবং আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, "মোবাইলের দোকানে চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতিকারীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।"