
আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার ৩নং রাজনগর ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ আহমেদ।
ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে শেরপুরের এই তরুণ নেতা সবার প্রতি এই শুভেচ্ছা বার্তা পাঠান। উল্লেখ্য, ফরহাদ আহমেদ ৩নং রাজনগর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক এবং সাবেক উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ আহমেদ বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের পরম শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ঈদের এই পবিত্র দিনে সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে হবে।”
তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি প্রত্যাশা করে আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ সেই আনন্দে অংশ নিতে পারে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।”
এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম মজিবর রহমান মেম্বারের ছোট ছেলে ফরহাদ আহমেদ দীর্ঘদিন ধরে রাজনগর ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই তরুণ সমাজসেবক ৩নং রাজনগর ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। একই সাথে সবাইকে শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি।