
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় মাদকবিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। অভিযানে একটি কাভার্ড ভ্যান ভর্তি ১ হাজার ২৩৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করে ভারতীয় মদের একটি বড় চালান দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও, সেখান থেকে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ এবং মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং জব্দকৃত কাভার্ড ভ্যানটির মোট সিজার মূল্য প্রায় ৩০ লাখ ৫১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মাদক চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ সংবাদমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে তারা সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন।
তিনি আরও বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই ঘটনায় স্থানীয় থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। সীমান্তে বিজিবির এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।