
নীলফামারী) প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান বিঞ্জু এবং ছাত্রদলের সদস্যসচিব হালিমুল হোসেন রাসেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, "শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। দেশের কৃষি, শিল্প, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপ আজও জনগণের কাছে স্মরণীয় হয়ে আছে।"
বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার মূল আদর্শ ছিল দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয়তাবাদে বিশ্বাসী একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা। তাঁর এই আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।