
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) দিবসটি উপলক্ষে মধুপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল— ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, "শীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর দূরদর্শী অবদানের কারণেই দেশ স্বনির্ভরতার পথে এগিয়েছিল।" বক্তারা এই দিনে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষা ও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।