
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলার ছলে বা আম পাড়তে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় তারা। আজ সোমবার (১ জুন) বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কেকুপাড়া কবরস্থানে এই দুই ভাই-বোনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। এর আগে গতকাল রোববার (৩১ মে) সন্ধ্যায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত আসিফ (১১) ও সাথী আক্তার (৯) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের সন্তান। তারা স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করত। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শিশু দুটির বাবা মারা যাওয়ার পর তারা মা আছিয়া খাতুনের সঙ্গে বসবাস করত। আছিয়া খাতুন দিনমজুর হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করেন। রোববার সকালে সন্তানদের বাড়িতে রেখে তিনি কাজে যান। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে নামেন।
একপর্যায়ে রাতে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে ভাই আসিফের মরদেহ ভাসতে দেখেন। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তলদেশ থেকে বোন সাথীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে তারা কোনোভাবে পানিতে পড়ে ডুবে যায়।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক বলেন,
“দুই শিশুর বাবা নেই। তাদের মা অনেক কষ্ট করে সন্তানদের লালন-পালন করছিলেন। কাজ থেকে ফিরে সন্তানদের এভাবে হারিয়ে তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। এই শোকের মুহূর্তে পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নেই।”
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।