
জয়নাল আবেদীন তারেক, ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর আমিনুল ইসলাম খান মিন্টু (৪৫) নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কাউটেনগর মাছুয়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিন্টু খান উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। ঘাটাইলের পাহাড়ি এলাকায় তার বাবা বিএনপির প্রয়াত নেতা মজিদ মাস্টার অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ মে) সকালে মিন্টু খান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের চার দিন পর স্থানীয় একটি বিলে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বুধবার গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাছুয়া বিল থেকে মিন্টু খানের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নিখোঁজ যুবদল কর্মীর লাশ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।