
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি Published: ৭ জুন, ২০২৬
নওগাঁ: নওগাঁর রাণীনগরে গাছ কেটে ফেলে অন্যের মালিকানা জমি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ভুক্তভোগী পরিবারের এক গৃহবধূকে হেনস্তা করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। রাণীনগর উপজেলার রঞ্জনিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খলিশাকুঁড়ি গ্রামের সাহার আলীর নিকট থেকে ২০০৪ সালে রঞ্জনিয়া মৌজার দুই দাগে সাড়ে ১৬ শতক জমি কিনেন রঞ্জনিয়া গ্রামের আব্দুল জলিল। সেই থেকে ক্রয় মালিকানামূলে তিনি সেখানে বসতবাড়ি ও বাগান করে ভোগ দখলে ছিলেন।
অভিযোগ উঠেছে, শনিবার (৬ জুন) দুপুরের দিকে হঠাৎ করে ক্রয় ও ওয়ারিশমূলে মালিকানা দাবি করে একই গ্রামের জাহিদুল, তার ছেলে সাইফুলসহ পরিবারের লোকজন ও বেশ কয়েকজন আত্মীয়-স্বজন ওই জমিতে হানা দেয়। তারা আব্দুল জলিলের রোপণকৃত ১৪ থেকে ১৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং প্রায় ৬ শতক জমি জোরপূর্বক দখলে নিয়ে বেড়া দেয়।
ভুক্তভোগী আব্দুল জলিল জানান, "ঘটনার দিন আমি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা জোরপূর্বক আমার সম্পত্তির গাছ কেটে জমি দখল করেছে। এ সময় আমার ছেলের স্ত্রী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তারা তাকে শারীরিকভাবে হেনস্তা করে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচারের জন্য মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।"
জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ জাহিদুলের ছেলে সাইফুল বলেন, "আমরা অন্যের কোনো সম্পত্তি দখল করিনি। আমাদের ক্রয়কৃত এবং ওয়ারিশমূলে প্রাপ্ত সম্পত্তি আমাদের দখলেই ছিল এবং আছে। শনিবার সেখানে আমরা মালিকরা মিলে জঙ্গল পরিষ্কার করে বেড়া দিয়েছি। সেখানে কাউকে হেনস্তা বা মোবাইল কেড়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।"
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, "এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"