মনিরুজ্জামান লিমন,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
"প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে নিকোটিনের মরণ থাবা থেকে রক্ষা করার প্রত্যয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। বর্ণাঢ্য এই র্যালিতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটির মূল তাৎপর্য ও ক্ষতিকর দিক তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিন শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, বরং এটি একটি পরিবার ও সমাজকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেয়। বিশেষ করে বহুজাতিক তামাক কোম্পানিগুলো নানা আকর্ষণীয় প্রলোভনের মুখোশ পরিয়ে তরুণ প্রজন্মকে ধূমপান ও নিকোটিনের দিকে ধাবিত করছে। এই আসক্তি প্রতিরোধে এখন থেকেই পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা আইসিটি কর্মকর্তা খাইরুল বাশার রাজু, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এবং সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে কেবল আইন প্রয়োগ করলেই হবে না, সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে তামাকের প্রলোভন থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও পারিবারিক পর্যায়ে নজরদারি বাড়ানোর প্রতি জোর দেন তিনি। একই সাথে বকশীগঞ্জ উপজেলাকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।