
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে তিনটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে (ডায়াগনস্টিক সেন্টার) মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
আদালত সূত্রে জানা গেছে, বকশীগঞ্জের বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কাগজপত্র ব্যবহার, বৈধ অনুমোদন ছাড়াই কার্যক্রম চালু রাখা এবং চিকিৎসাসেবার সরকারি নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলামের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তিনটি প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও অসঙ্গতি হাতেনাতে ধরা পড়ে। ফলশ্রুতিতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান তিনটিকে নিম্নলিখিত অর্থদণ্ড প্রদান করেন: ১. নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার: ২০ হাজার টাকা। ২. ফরিদ ডায়াগনস্টিক সেন্টার: ১৫ হাজার টাকা। ৩. হেলথ কেয়ার সেন্টার: ৫ হাজার টাকা।
জরিমানা আদায়ের পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে তাদের সকল ত্রুটি সংশোধন করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। বকশীগঞ্জের স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং এসব অনিয়ম রুখতে জনস্বার্থে বিজিবির ও প্রশাসনের সহায়তায় এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে।
অনভিপ্রেত এই অভিযানের পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।