
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে কিশোরীদের আয়বৃদ্ধিমূলক হাঁস ও মুরগি পালন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শ্রীবরদী ব্র্যাক অফিস কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর শেরপুর জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী এবং শাখা ব্যবস্থাপক (দাবি) মো. সারোয়ার জাহান। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন অফিসার (সেলপ) জুঁই ম্রং এবং সিও তানজিনা আক্তার।
আয়োজকরা জানান, দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেওয়া ৩২ জন কিশোরীকে হাঁস ও মুরগি পালনের প্রাথমিক ধারণা, আধুনিক পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কিশোরীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাস্তবমুখী এই প্রশিক্ষণটি গ্রহণ করে।
আয়োজক কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন এবং তাদের ভবিষ্যৎ ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই মূলত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কিশোরীরা পারিবারিক পর্যায়ে উন্নত পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করে নিজেদের স্বাবলম্বী করতে পারবে এবং পরিবারে আর্থিক অবদান রাখতে সক্ষম হবে।