
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বহুল আলোচিত শিশু ইলিয়াছ আলী হত্যা মামলার অন্যতম পলাতক আসামি নাসির উদ্দিন (৪৭)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকা থেকে জামালপুর সিপিসি-১ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাসির উদ্দিন ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু ইলিয়াছ আলী (১০) ঝিনাইগাতী উপজেলার গান্দিগাঁও এলাকার গাজীর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাসির উদ্দিন ও তার সহযোগীদের সঙ্গে গাজীর রহমানের পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতা চলছিল।
গত ১০ সেপ্টেম্বর ২০২৫ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু ইলিয়াছ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরদিন ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
পরবর্তীতে ১১ সেপ্টেম্বর গভীর রাতে স্থানীয় কালঘোষা নদী থেকে ভাসমান অবস্থায় ইলিয়াছের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্টে পুলিশ শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। এ ঘটনায় নিহতের বাবা গাজীর রহমান বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই প্রধান আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরপর থেকেই র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের বক্তব্য: র্যাব-১৪-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।