
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
শেরপুর: শেরপুরে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে মাইক্রোফাইন্যান্স (দাবী) এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) যৌথ উদ্যোগে 'স্বপ্ন সারথী' প্রকল্পের ১১ জন নারী সদস্যের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকেলে ব্র্যাকের জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিনগুলো হস্তান্তর করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কিশোরী ও তরুণীদের উদ্দেশ্যে বলেন, "শুধু সেলাই মেশিন পাওয়াই শেষ কথা নয়, নিজেদের দক্ষ করে তুলতে হবে। আধুনিক কাজের প্রশিক্ষণ নিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।" স্বপ্ন সারথী সদস্যদের এই পথচলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।
ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, মাইক্রোফাইন্যান্স (দাবী) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল মালেক, প্রগতি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাকির হোসেন, ইউপিজি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আনারুল ইসলাম, জিজেডি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফিয়া রাব্বী এবং স্বপ্ন সারথী সদস্যদের অভিভাবকবৃন্দ।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, প্রান্তিক অঞ্চলের কিশোরী ও নারীদের স্বাবলম্বী এবং আর্থিকভাবে ক্ষমতায়ন করার লক্ষ্যেই এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে।