
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর ৮ নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মাঠে দুই দলের সুন্দর ও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন স্থানীয় দর্শকরা। নির্ধারিত সময়ে চমৎকার খেলে অবিবাহিত একাদশ ২-০ গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুবান মোল্লাসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণী পর্বে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, "খেলাধুলা যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি ও সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। এই ধরণের প্রীতি ম্যাচ গ্রামীণ যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।"
ভবিষ্যতেও যুবসমাজকে চাঙ্গা রাখতে এলাকায় এমন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান বক্তারা।