
মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে কোনো প্রকার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অন্যায্য বহিষ্কারাদেশের প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই নেতা।
শনিবার (৪ জুলাই) আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
লিখিত বক্তব্যে আব্দুল আজিজ বলেন, "আমি ২০০০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছি। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর বর্তমানে ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘ এই রাজনৈতিক জীবনে আমি কখনো দলবিরোধী বা শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।"
তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি তাকে এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে বহিষ্কারের চিঠি দিয়েছেন। এই সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র ও বিএনপির সাংগঠনিক নিয়মের স্পষ্ট পরিপন্থী।
সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ এই অবৈধ বহিষ্কারাদেশের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির ঊর্ধ্বতন কেন্দ্রীয় ও জেলা নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দলে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ৩ নম্বর ওয়ার্ড ও সাতমেরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে দুই নেতার দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে জানতে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।