
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাটে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। বুধবার দিবাগত গভীর রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)। সে চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহী র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বুধবার (৮ জুলাই) দুপুরে অভিযুক্ত দেব চন্দ্র দাস তার প্রতিবেশী ওই শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে।
এদিকে দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্তের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তিনি শিশুটিকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনার পর বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর মনজুরুল কবির জানান:
"মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে ১ নম্বর আসামি দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।"
এদিকে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া অপর একটি মামলার আসামিকে রূপান্তর ও গ্রেপ্তারেও র্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।