
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে শিমুলতলা ঘাটের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই যুবককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাঘার শিমুলতলা ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর তীরবর্তী এলাকা ও স্থানীয় কৃষকদের ফসলি জমি মারাত্মক ভাঙনের ঝুঁকিতে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে হাতেনাতে দুই যুবককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান:
"অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর পাড় ও আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি কাটার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।"
এদিকে প্রশাসনের এই সময়োপযোগী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদী ভাঙন রোধে এই ধরনের তদারকি নিয়মিত বজায় রাখার জোর দাবি জানিয়েছেন তারা।