
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি |
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটায় মধুপুর উপজেলার রসুলপুর বিমান ঘাঁটির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের জালালউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রসুলপুর বিমান ঘাঁটির সামনে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে আসেন মাসুদ রানা। খুঁটিটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।