
নান্দাইল (ময়মনসিংহ):
শিক্ষা ও গবেষণায় অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শামিমা নাসরিনকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। সফলভাবে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করায় কলেজ মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে পুরো কলেজজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা, মানপত্র ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) হস্তান্তরের মাধ্যমে ড. শামিমা নাসরিনকে অভিনন্দিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. শামিমা নাসরিন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ‘দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ বিভাগের অধীনে ‘মুসলিম নারীর রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব: একটি ঐতিহাসিক বিশ্লেষণ’ শীর্ষক গবেষণাকর্ম সফলভাবে সম্পন্ন করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তাঁর এই গবেষণায় ইসলামের ইতিহাস, রাজনৈতিক দর্শন, প্রশাসনিক কাঠামো এবং সমকালীন বাস্তবতার আলোকে মুসলিম নারীর নেতৃত্বের বিষয়টি তথ্য-উপাত্ত ও যুক্তিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শিক্ষাবিদরা আশা প্রকাশ করছেন, এই গবেষণাটি সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন এক তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির উন্মোচন করবে।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ জুলফিকার তৌহিদ, ওমর ফারুক, মনোয়ারা বেগম, ইশরাত জাহান, মারজিয়া হাফসা সুলতানা, রওনক জাহান, আসাদুজ্জামান ও মাহদিউল সারোয়ারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, "একজন শিক্ষকের গবেষণামূলক অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সমগ্র প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করে। ড. শামিমা নাসরিনের এই কৃতিত্ব নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ইতিহাসে একটি বিশেষ মাইলফলক। তাঁর অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় গভীরভাবে অনুপ্রাণিত করবে।"
সংবর্ধনার জবাবে ড. শামিমা নাসরিন আবেগঘন কণ্ঠে বলেন, “গবেষণা একজন শিক্ষকের জ্ঞানের পরিধিকে কেবল সমৃদ্ধই করে না, বরং সমাজ ও রাষ্ট্রের নানা সমস্যার সমাধানের পথ দেখায়। একজন শিক্ষক যত বেশি গবেষণামুখী হবেন, তাঁর পাঠদান পদ্ধতি তত বেশি আধুনিক ও তথ্যসমৃদ্ধ হবে। আমি আমার গবেষণালব্ধ জ্ঞান শিক্ষার্থীদের কল্যাণে বিলিয়ে দিতে চাই।”
তিনি পিএইচডি অর্জনের এই দীর্ঘ পথচলায় কলেজের প্রশাসন, সহকর্মী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. শামিমা নাসরিন নান্দাইল উপজেলারই এক কৃতী সন্তান। তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি স্থানীয় তারঘাট আনছারিয়া ফাজিল মাদ্রাসায়। পরবর্তীতে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অত্যন্ত কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৫ সালে তিনি নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। বিগত দুই দশক ধরে শিক্ষকতা, একাডেমিক নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত।
উল্লেখ্য, ড. শামিমা নাসরিনের বড় ভাই প্রখ্যাত শিক্ষাবিদ, বিশিষ্ট গবেষক ও বহু ইসলামী গ্রন্থের প্রণেতা প্রফেসর ড. মো. আব্দুর রহমান আনোয়ারী, যিনি বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। শিক্ষা, সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে এই সুপরিচিত পরিবারের অবদান সংশ্লিষ্ট মহলে বিশেষভাবে সমাদৃত।