
আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মনশুরপুর গ্রামে কনের বাড়িতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
স্থানীয় সূত্রে জানা যায়, মনশুরপুর গ্রামের রাকিব হোসেনের কন্যা এবং মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বিয়ের আয়োজন করা হয়। জন্মনিবন্ধন অনুযায়ী কনের জন্ম তারিখ ১২ অক্টোবর ২০১৪ হলেও নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০ অক্টোবর ২০০৭ দেখানো হয়।
শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়িতে উপস্থিত হলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় তাৎক্ষণিকভাবে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজনের অপরাধে কনের পিতা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।