
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শুরু হয়েছে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরু থেকেই ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়, বিশেষ করে ছাত্রীদের কেন্দ্রগুলোতে সকাল থেকেই গড়ে ওঠে দীর্ঘ সারি।
এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে চারটি কেন্দ্রে ছাত্ররা এবং বাকি চারটিতে ছাত্রীদের ভোটগ্রহণ চলছে।
ভূতত্ত্ব বিভাগে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সকাল ৯টার দিকে কেন্দ্রটিতে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। ভোটগ্রহণ ২০ মিনিট বিলম্বে শুরু হওয়ায় ভোটারদের অপেক্ষা করতে হয় আরও দীর্ঘ সময়। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৪৩।
একই পরিস্থিতি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও, যেখানে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সকাল থেকেই সেখানে কয়েকটি লাইনে ছাত্রীদের দাঁড় করানো হলেও ভিড় সামলানো যাচ্ছিল না। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৬ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। এখানে সকাল থেকে ভোটারদের ঢল নামে। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৫৫ জন।
অন্যদিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কিছুটা শান্ত ছিল। সেখানে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দেন। যদিও এ কেন্দ্রে সবচেয়ে বেশি—৫ হাজার ৬৬৫ জন ভোটার রয়েছে।
ভোটগ্রহণে দেরি হওয়ার কারণ জানতে চাইলে ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রস্তুতির ঘাটতি ও ব্যালট বাক্স প্রদর্শনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লেগে গেছে।
ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, “সকালে থেকেই ভোটার উপস্থিতি আশানুরূপ। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিতে আসছে। দীর্ঘ লাইনের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে বিকেল ৪টার মধ্যে যেসব শিক্ষার্থী লাইনে আসবেন, তাদের ভোট অবশ্যই গ্রহণ করা হবে।”