
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: উত্তরা জসীমউদ্দীন রোডের ‘স্কাই লাইন ফার্মা’র বিরুদ্ধে একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া প্রতিবেদনে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) উত্তরা উপ-শাখা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো প্রকার সুনির্দিষ্ট প্রমাণ বা নথিপত্র ছাড়াই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নকল ওষুধ বিক্রির মনগড়া অভিযোগ এনে লাইভ করায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।
বিসিডিএস উত্তরা উপ-শাখা এক বিবৃতিতে জানায়, স্কাই লাইন ফার্মার স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম দীর্ঘ ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। ওষুধ ব্যবসায়ী মহলে তিনি একজন সুপরিচিত ও সম্মানিত উদ্যোক্তা হিসেবে পরিচিত। সম্প্রতি একটি সংঘবদ্ধ কুচক্রী মহল ব্যক্তিগত ঈর্ষা ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিষয়টির যথাযথ সত্যতা যাচাই না করেই কয়েকটি সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার পরিপন্থী।
অনুসন্ধানে জানা যায়, গত ২০ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে উক্ত ফার্মেসিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে একজন ক্রেতার সাক্ষাৎকারের বরাতে দাবি করা হয়, তিনি ওই ফার্মেসি থেকে নকল ওষুধ ক্রয় করেছেন। তবে অভিযোগকারী ক্রেতা তার দাবির পক্ষে কোনো অকাট্য প্রমাণ দেখাতে পারেননি। প্রতিবেদন চলাকালীন সংবাদকর্মী একজন ওষুধ কোম্পানির প্রতিনিধিকে ডেকে এনে ওষুধটি নকল প্রমাণ করার চেষ্টা করলেও, উক্ত প্রতিনিধি ওষুধটি নকল হওয়ার সপক্ষে কোনো প্রকার অফিশিয়াল ডকুমেন্ট বা বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন।
বিবৃতিতে বিসিডিএস আরও উল্লেখ করে, পরবর্তীতে অভিযোগকারী ব্যক্তি একটি বিশেষ মহল ও একটি এজেন্টের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে স্কাই লাইন ফার্মার স্বত্বাধিকারীর সম্মানহানি করার যে অপচেষ্টায় লিপ্ত ছিলেন, তা থানায় সংশ্লিষ্ট ওসি মহোদয়ের উপস্থিতিতে আলোচনার সময় স্পষ্টভাবে প্রতীয়মান হয়। সেখানে অভিযোগের অসঙ্গতি ও ভিত্তিহীনতা উঠে আসে এবং অভিযোগকারী নিজেও বিষয়টির ভুল ও অনভিপ্রেত দিক স্বীকার করেন।
প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগের যথার্থতা সম্পর্কে পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের মাধ্যমে বিষয়টির ভিন্ন বাস্তবতা সামনে এসেছে। অথচ প্রাথমিকভাবে একতরফা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের ফলে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) উত্তরা উপ-শাখার পক্ষ থেকে এ ধরনের সত্যতা যাচাইবিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনটি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে যেন সকল পক্ষের বক্তব্য গ্রহণ, নিরপেক্ষ অনুসন্ধান এবং তথ্য-প্রমাণ যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়া হয়।