
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিল উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গাছতলা এলাকায় দীর্ঘ দিন ধরে একটি চক্র কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর আনুমানিক ২টার দিকে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ফসলি জমি থেকে মাটি কাটার সত্যতা পাওয়ায় জমির মালিককে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযান শেষে তিনি জানান:
“ফসলি জমি রক্ষা এবং মাটির উর্বরতা বজায় রাখা আমাদের অগ্রাধিকার। কৃষিজমি নষ্ট করে যারা অবৈধভাবে মাটি কাটছে, তাদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালীন সময়ে তাৎক্ষণিকভাবে মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে স্থানীয় কৃষিজীবী মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী কৃষিজমি রক্ষায় নিয়মিত এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।