
নিজস্ব প্রতিবেদক:
ব্রিটেনের রাজধানী লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বাঙালি অধ্যুষিত বারা (সিটি কর্পোরেশন) টাওয়ার হ্যামলেটস নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার মিজানুর রহমান খান। তিনি ‘ইন্ডিপেন্ডেন্ট পার্টি’ থেকে এই মর্যাদাপূর্ণ পদের জন্য মনোনীত হয়েছেন।
ব্যারিস্টার মিজানুর রহমান খান একাধারে একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়ানুরাগী এবং পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব। তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘বরিশাল বাণী’র উপ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রবাসে থাকলেও দেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করেছেন।
মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মিজানুর রহমান খান বলেন,
“জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন এক গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। আমি প্রবাসে থেকেও দেশের সেই আদর্শকে ধারণ করি। আমার লক্ষ্য কেবল লন্ডনের সেবা করা নয়, বরং অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে অবহেলিত বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা।”
সাবেক এই তুখোড় ছাত্রনেতা দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জ-৬ আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি কেবল লন্ডনেই নয়, ঢাকায় বসবাসরত বাকেরগঞ্জবাসীদের নিয়েও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও ‘উন্নয়ন ভাবনা’ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। তার মেধা, প্রজ্ঞা ও নেতৃত্ব ভবিষ্যতে বাকেরগঞ্জের শিক্ষা বিস্তার, সামাজিক অগ্রগতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
বাকেরগঞ্জের সাধারণ মানুষের ধারণা, ব্যারিস্টার মিজানুর রহমানের মতো একজন সৎ, যোগ্য ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন মানুষ যদি ভবিষ্যতে বাকেরগঞ্জের রাজনীতির হাল ধরেন, তবে অবহেলিত এই জনপদের দৃশ্যপট দ্রুত বদলে যেতে পারে। লন্ডনের এই নির্বাচনে তার জয়লাভের বিষয়ে প্রবাসীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষও অত্যন্ত আশাবাদী।