
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি ভিডব্লিউবি (VWB) চাল কেনাবেচায় বাধা দেওয়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা ও তার সহযোগীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন—পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম মন্ডল ও ছাত্রদল কর্মী আবু সাঈদ। এই ঘটনায় ভুক্তভোগী নাফিউল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে পারইল ইউনিয়ন পরিষদে কার্ডধারী দুস্থদের মাঝে ৩০ কেজি করে সরকারি ভিডব্লিউবি চাল বিতরণ করা হচ্ছিল। অভিযোগ উঠেছে, বিতরণের সময় ছাত্রদল নেতা রাকিবুল ও আবু সাঈদ পরিষদ চত্বরে অবস্থান নিয়ে উপকারভোগীদের কাছ থেকে সরকারি চাল কিনছিলেন।
বিষয়টি টের পেয়ে ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ গ্রামপুলিশের সহায়তায় ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তিন বস্তা সরকারি চাল আটক করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাকিবুল ও আবু সাঈদ চেয়ারম্যানের ওপর চড়াও হন। তারা চেয়ারম্যান জাহিদুর রহমান, গ্রামপুলিশ শামীম এবং নাফিউল নামে এক যুবককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, “নিষিদ্ধ চাল কেনায় বাধা দিয়ে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এতেই তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর আক্রমণ করে এবং লাঞ্ছিত করে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম মন্ডল বলেন, “আমরা কোনো চাল কিনছিলাম না। একজন নারী তার কোলের শিশু নিয়ে চালের বস্তা বইতে পারছিলেন না, তাকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিলাম। সেই ঘটনাকে কেন্দ্র করেই চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে মিথ্যা মারধর ও চাল কেনার অভিযোগ তুলছেন।”
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান জানান, ঘটনাটি চেয়ারম্যান তাকে অবহিত করেছেন এবং তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, “এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”