
মাহফুজুর রহমান সাইমন শেরপুর |প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬
শেরপুরের নকলায় দুই যাত্রীবাহী বাসের পাল্লাপাল্টিতে চাপা পড়ে নাজিফ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের কুর্শা বাইপাস মোড় এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত নাজিফ ময়মনসিংহের তারাকান্দা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সদস্য নজরুলের স্ত্রী ও সন্তানেরা ময়মনসিংহে থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে জামালপুর সদরের মাস্টারবাড়ি এলাকায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিফ প্রাণ হারায়।
এই ভয়াবহ সংঘর্ষে নাজিফের মা সুমি আক্তার (৩৭), ভাই নাহিদ (৮) এবং বোন নওশিন (১৫) গুরুতর আহত হন। আহত হয়েছেন অটোরিকশা চালকও। আহতদের মধ্যে সুমি আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশাটিকে চাপা দেওয়া ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।