
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মধুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফানুস ও সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন:
জাফর ইকবাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মধুপুর থানা।
নঈম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
ডাঃ সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
আঃ সামাদ, বীর মুক্তিযোদ্ধা।
মোঃ জাকির হোসেন, সভাপতি, উপজেলা বিএনপি।
এম রতন হায়দার, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি।
খন্দকার মোতালিব হোসেন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন করেন এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলনেতাদের সাথে মতবিনিময় করেন। মধুপুর থানার এস আই আবুল কালামের নেতৃত্বে কুচকাওয়াজ প্রদর্শনী শুরু হয়। এতে মধুপুর থানা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ জুবায়ের হোসেন।