
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ ২৬ মার্চ ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলাদাভাবে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ফিরে সকাল ৭টার দিকে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই শ্রেষ্ঠ সন্তানদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।” বাণীতে তিনি বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা মা-বোনসহ স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।