
বিনোদন ডেস্ক | ২৮ মার্চ, ২০২৬
বলিউড থেকে হলিউড—সবখানেই এখন আলোচনার কেন্দ্রে প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তাঁর অভিনয় নয়, বরং স্বামী নিক জোনাসের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এই গ্লোবাল আইকন। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তাঁদের দাম্পত্য সংকট নিয়ে যে গুঞ্জন উড়ছিল, তার কড়া জবাব দিয়েছেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া স্পষ্ট জানিয়েছেন, তিনি ও নিক অত্যন্ত সুখে আছেন। বিচ্ছেদের খবরকে স্রেফ গুজব উড়িয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন:
“মানুষ কি সত্যিই চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো হয়, তা আমি বুঝতে পারছি না।”
নিকের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য এবং ভিন্ন ধর্ম ও সংস্কৃতির বিষয়টি নিয়ে প্রায়ই চর্চা হয়। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “আমরা দুজন ভিন্ন দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা এবং বয়সের ব্যবধানও আছে। হয়তো এসব কারণেই মানুষ নানা কথা বলার সুযোগ পায়। কিন্তু সত্যি এটাই যে, গত আট বছর ধরে আমরা চমৎকার সময় কাটাচ্ছি।”
জীবনসঙ্গী হিসেবে নিক জোনাসকেই নিজের জন্য শ্রেষ্ঠ মনে করেন প্রিয়াঙ্কা। তিনি জানান, পরিচয়ের মাত্র ছয় মাসের মাথায় তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রিয়াঙ্কার ভাষ্যমতে, “নিকের সঙ্গে দেখা হওয়ার পরই আমি অনুভব করেছিলাম যে সে-ই আমার জন্য সঠিক মানুষ। আমরা বাইরের নেতিবাচক কথায় কান না দিয়ে নিজেদের সম্পর্কের দিকেই বেশি মনোযোগী।”
ভক্তদের জন্য সুখবর হলো, ২০১৯ সালের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর আবারও ভারতীয় সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এস.এস. রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘বারাণসী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিনেমায় তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু।